নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৬, ২০ নভেম্বর ২০২৬
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত এই ধারা। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ।
ঘটনাটি ঘটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন হৃদয়। খেলা আরও আগে বন্ধ করা উচিত ছিল, এমন অভিযোগ তুলে আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন তিনি।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হৃদয়ের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন। অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় এ নিয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
শীর্ষ সংবাদ: