ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:৫৮, ২০ নভেম্বর ২০২৬

ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রোববার (২২ নভেম্বরর ও সোমবার ভারত সফর করবেন। ২০২৬ সালের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে বালেন্দ্র শাহের প্রথম ভারত সফর। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় এ সফরে যাচ্ছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) নেপালের পররাষ্ট্রসচিব অমৃত বাহাদুর রাই এ তথ্য জানিয়েছেন।

নেপালের পররাষ্ট্রসচিব জানান, ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধি দল নিয়ে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শাহ। আগামী ২৩ নভেম্বর সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বৈঠকে ভারত-নেপাল সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করবেন দুই নেতা।

প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ

ভারত সফরের কর্মসূচির অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে বিভিন্ন জ্বালানি প্রকল্প উদ্বোধন করবেন।

দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে মোদি ও শাহ যৌথ সংবাদ সম্মেলন করবেন। সেখানে সফরের আলোচনার বিষয়বস্তু ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে।

ভারত-নেপাল সম্পর্কের গুরুত্ব

ভারত ও নেপালের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগের ধারাবাহিকতার অংশ হিসেবে বালেন্দ্র শাহের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ভারত তার ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় নেপালের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। শাহের এই সফর দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু

আরও পড়ুন