আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৩৭, ১৯ নভেম্বর ২০২৬
যৌথ বিবৃতিতে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন এবং কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, তিন দেশ ‘পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে।’ পাশাপাশি জ্বালানির স্থিতিশীল প্রবাহ বজায় রাখার গুরুত্বের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে দেশগুলো আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করে বলা হয়, এই আদালত এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের এখতিয়ারের অপব্যবহার করা চলবে না। নেতারা রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের কূটনৈতিক দায়মুক্তির প্রতি শ্রদ্ধা জানানোর গুরুত্বও স্বীকার করেছেন। পাশাপাশি জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়ার ব্যাপারে তিন দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রচারিত বক্তব্যে শি জিনপিং বৈঠকটিকে ‘ইতিবাচক, গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। শি বলেন, ‘বিশ্বশান্তি রক্ষার বিষয়ে তিন দেশের দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে।’
বৈঠকে পুতিনকে ‘সর্বোচ্চ সম্মানের আসন’ দেওয়া হয়: তাস
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ভ্লাদিমির পুতিনকে ‘সর্বোচ্চ সম্মানের আসন’ দেওয়া হয়েছিল। প্রকাশিত প্রতিবেদনে তাস জানায়, কূটনৈতিক রীতি অনুযায়ী শি জিনপিংয়ের ডানপাশের আসনটি সর্বোচ্চ সম্মানের। সেখানে বসেছিলেন পুতিন। আর শির বাঁ পাশে ছিলেন ট্রাম্প।
তাস আরও জানিয়েছে, বৈঠকে প্রথমে বক্তব্য দেন শি জিনপিং। এরপর পুতিন এবং সব শেষে ট্রাম্প কথা বলেন।
রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি দলে অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ‘সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষজ্ঞরা’ উপস্থিত ছিলেন। চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলেও একই পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
বিশ্বনিরাপত্তা অনেকাংশে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা অনেকাংশেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, তিন দেশের ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠককে কূটনীতির ইতিহাসের একটি অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন পুতিন। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কিছু ক্ষেত্রে আরও কার্যকর অগ্রগতি চান বলেও জানিয়েছেন তিনি।
ডিসেম্বরে মায়ামিতে আবারও বসবেন তিন নেতা?
চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। এখন বড় প্রশ্ন, আগামী মাসেই কি আবার একসঙ্গে বসতে পারেন তারা? ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে জি২০ সম্মেলন আয়োজন করছে ট্রাম্প প্রশাসন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওই সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। রাশিয়াও জি২০-এর সদস্য।
সাম্প্রতিক সময়ে জি২০-এর কয়েকটি সম্মেলনে অংশ নেননি পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ কারণে আয়োজক দেশগুলোকে অস্বস্তিতে ফেলতে চাননি তিনি। পাশাপাশি ইউরোপীয় জি২০ সদস্য দেশগুলোও স্পষ্ট করে জানিয়েছে, তারা একই কক্ষে পুতিনের সঙ্গে থাকতে চায় না।
তবে ট্রাম্প মায়ামির সম্মেলনে অংশ নেওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ফলে পুতিনের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে তাঁকে গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই।
শীর্ষ সংবাদ: