মোংলায় বাস থেকে ৭৫ কেজি গাজা উদ্ধার, গ্রেফতার ৪

এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ১২:৪৩, ৬ অক্টোবর ২০২৬

মোংলায় বাস থেকে ৭৫ কেজি গাজা উদ্ধার, গ্রেফতার ৪

বাগেরহাটের মোংলায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— বাগেরহাটের মোড়েলগঞ্জের ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মোঃ ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুরের ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), একই এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮) এবং রংপুর কোতোয়ালি থানার বেলুবালারহাটের জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২)।

​এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মোড়েলগঞ্জ-মোংলাগামী সড়কের ব্রাহ্মণমাঠ এলাকায় নিরাপত্তা চৌকি (চেকপোস্ট) বসানো হয়। ওই স্থান দিয়ে যাওয়ার সময় একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মাদক ও বাসটি জব্দ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন