সাকিব চৌধুরী, চট্টগ্রাম
প্রকাশ: ১৩:১৩, ২ নভেম্বর ২০২৬
সোমবার (২ নভেম্বর) ভোর ও সকালে পরিচালিত এসব অভিযানে একজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আকরামুল হক ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মামা ফকির আস্তানা রোডের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মো. রাজু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রাজু মধ্যম সোনাপাহাড় এলাকার আব্দুস সালামের ছেলে।
অন্য এক অভিযানে গত ২৮ সেপ্টেম্বর হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়ায় সংঘটিত অটোরিকশা ছিনতাই মামলার আসামি মো. আসিফ উদ্দিন ওরফে ইমনকে (৩৩) আই গ্যাস কোম্পানি এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি আসিফ আনোয়ারা উপজেলার সেলাইকড়া এলাকার মো. আব্দুল্লাহ হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অটোরিকশা চুরির ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
এ ছাড়া মধ্যম সোনাপাহাড় ও তেমুহানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি ইসতেয়াক হোসেন রিফাত (৩৫) এবং সিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. সহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় ও সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের উপস্থিতিতে পরিচালিত যৌথ মাদকবিরোধী অভিযানে ১ জন মাদকসেবীকে ধরা হয়। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত সব আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।