পেঁয়াজের বাজারে অস্থিরতা,এক সপ্তাহে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ

প্রকাশ: ২২:২৫, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৬, ৫ নভেম্বর ২০২৫

পেঁয়াজের বাজারে অস্থিরতা,এক সপ্তাহে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ

দেশজুড়ে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। গত সপ্তাহেও যেখানে পেঁয়াজ বিক্রি হতো ৭৫ থেকে ৮০ টাকায়, এখন সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ, দেশি সরবরাহ কম এবং মৌসুমের শেষভাগে পৌঁছানোর অজুহাতে দামে আগুন লেগেছে বাজারে।

খুলনা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯৫ থেকে ১০৫ টাকায়, আর খুচরা বাজারে ১১০ থেকে ১২০ টাকায়। ফলে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

খুলনার গল্লামারী বাজারের ক্রেতা আ. রহমান বলেন, “এক সপ্তাহেই ৮০ টাকার পেঁয়াজ ১২০ টাকায় উঠে গেছে। আমরা বুঝতে পারছি না কেন দাম বাড়ল।” অন্যদিকে সিরাজগঞ্জের কাজিপুর বাজারের আড়তদার মোকলেস জানান, “দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় আড়তে কেজিপ্রতি ৩০ টাকা বেড়েছে। রাজশাহীর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০২ টাকায়, পাবনার ১০৫ টাকায়।”

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় আমদানি বন্ধ থাকায় দেশীয় পেঁয়াজের ওপর চাপ পড়েছে। প্রান্তিক পর্যায়ে নতুন পেঁয়াজ রোপণ শুরু হলেও বাজারে আসতে আরও এক মাস সময় লাগবে। খুলনার সোনাডাঙ্গা বাজারের ব্যবসায়ী লাল মিয়া বলেন, “৪০-৪৫ দিন পরে নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম কিছুটা কমবে।”

কৃষি বিভাগ বলছে, রবি মৌসুমে পেঁয়াজ রোপণে বিলম্ব হওয়ায় সরবরাহ কমেছে। পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীর ক্ষেতগুলোতে চারা রোপণ এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে দেরি হতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ ঘাটতি ও আমদানি বন্ধ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে দাম আরও বাড়তে পারে। তারা বলছেন, দ্রুত আমদানির অনুমতি ও বাজার তদারকি জোরদার করলেই কেবল স্থিতিশীলতা ফেরানো সম্ভব।

আরও পড়ুন