বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের দাবি টিআইবির

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৬:৩৭, ৫ মার্চ ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের দাবি টিআইবির

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার স্বার্থে নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, দেশের আর্থিক খাতের সর্বোচ্চ এই পদে স্বার্থের সংঘাতমুক্ত ও নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া জরুরি।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক রদবদল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, এ পদে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ, দক্ষ এবং যার কোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব নেই।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংককে দলীয় প্রভাবমুক্ত রাখতে না পারলে দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে। টিআইবির মতে, বর্তমান নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকলে তা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় মো. মোস্তাকুর রহমানকে। সরকারের এ সিদ্ধান্তের পর আর্থিক খাতের বিশ্লেষক ও নাগরিক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

টিআইবি বলছে, কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পেশাদারিত্বের পরিবর্তে অন্য বিষয়কে প্রাধান্য দিলে তা দীর্ঘমেয়াদে আর্থিক সুশাসনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে টিআইবি আরও জানায়, কেবল গভর্নর পরিবর্তন নয়, কেন্দ্রীয় ব্যাংকের সামগ্রিক কাঠামোগত সংস্কারও প্রয়োজন। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন