কুবির ক্যাম্পাসে আগাম শীতের স্বাদ, চিতই পিঠায় জমছে আড্ডা

সামিয়া ইসলাম বৃষ্টি, কুবি

প্রকাশ: ১০:০২, ১০ নভেম্বর ২০২৬

কুবির ক্যাম্পাসে আগাম শীতের স্বাদ, চিতই পিঠায় জমছে আড্ডা

হেমন্তের ভোরে কুয়াশার আনাগোনা যেন জানান দিচ্ছে, ধীর পায়ে এগিয়ে আসছে শীত। ঋতু বদলের সেই মৃদু ছোঁয়া যেন লেগেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঙিনাতেও। তবে শুধু ভোরের কুয়াশায় নয়, শীতের চিরচেনা অনুষঙ্গ, পিঠাতেও মিলছে তার আভাস। শীতের তীব্রতা এখনো পুরোপুরি আসেনি। তবে এরই মধ্যে শীতের চিরচেনা স্বাদ নিয়ে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এর মূল ফটকের সামনে নিয়মিত পিঠা বিক্রি করছেন এক বিক্রেতা।  

বাঙালি সংস্কৃতির সঙ্গে পিঠার সম্পর্ক বহুদিনের। বিশেষ করে শীত এলে পিঠার প্রতি বাঙালির আকর্ষণ যেন বেড়ে যায় আরও। নতুন চালের গুড়া, খেজুরের গুড় এবং নারকেল দিয়ে তৈরি নানা স্বাদের পিঠা হয়ে উঠে শীতের অন্যতম প্রধান আকর্ষণ। একসময় গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা তৈরির আকর্ষণ হলেও সময়ের সঙ্গে সে ঐতিহ্য ছড়িয়ে পড়ছে শহরের অলিগলি, রাস্তার পাশে ছোট ছোট দোকান এমনকি বিশ্ববিদ্যালয়ের আঙিনাতেও। গরম পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি এসব দোকান ঘিরে জমে উঠে গল্প আর আড্ডা।  

শীতের আগমনি আমেজে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সামনে চিতই পিঠা নিয়ে বসেছেন নূর মিয়া (৬০)। তার ছোট দোকানে চালের গুড়ার গরম খোলায় ঢেলে তৈরি করা হচ্ছে চিতই পিঠা। আর এই পিঠার সাথে ভিন্নতা আনতে সঙ্গে রয়েছে বাদাম, শুঁটকি, ধনেপাতা ও সরিষার ভর্তা। গরম চিতই পিঠার সঙ্গে নানা স্বাদের এসব ভর্তা যেন ফিরিয়ে আনছে শীতের ঐতিহ্যবাহী পিঠা খাওয়ার আনন্দ। হলের সামনে তার এই ছোট্ট আয়োজন মনে করিয়ে দিচ্ছে বাঙালির চিরচেনা পিঠার ঐতিহ্য।  

এ প্রসঙ্গে পিঠা বিক্রেতা নূর মিয়া বলেন, গত তিন বছর ধরে আমি শীতের মৌসুমে এই স্থানেই পিঠা বিক্রি করছি। এবার কিছুটা আগেভাগেই পিঠা বিক্রি শুরু করেছি, যাতে ক্রেতারা আগে থেকেই আমার পিঠার সঙ্গে পরিচিত হতে পারেন এবং ধীরে ধীরে নিয়মিত ক্রেতার সংখ্যা বাড়ে। পিঠা বিক্রির পাশাপাশি আমার নিজস্ব একটি দোকানও রয়েছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আগামী দিনে ভাপা পিঠা, ডালের পিঠা ও তালের বড়াসহ আরও কয়েক ধরনের পিঠা যুক্ত করার পরিকল্পনা কথা জানান তিনি। পাশাপাশি আরও দুই ধরনের ভর্তা রাখার কথাও ভাবছেন নূর মিয়া। 

পিঠা খাওয়ার আনন্দ শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্তও। ক্লাসের ব্যস্ততার ফাঁকে কিংবা দিন শেষে একসঙ্গে গরম চিতই পিঠা খেতে খেতে জমে ওঠে গল্প, হাসি-ঠাট্টা আর আড্ডা। নানা স্বাদের ভর্তার সঙ্গে পিঠা খাওয়ার আনন্দ যেন আরও বেড়ে যায় বন্ধুদের সান্নিধ্যে। এমন ছোট ছোট আড্ডাই ক্যাম্পাসজীবনের ব্যস্ততার মাঝে এনে দেয় কিছুটা স্বস্তি, বন্ধুত্বের সম্পর্ককে করে আরও গভীর। 

এ প্রসঙ্গে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার দিয়া বলেন, "​শহরের যান্ত্রিকতায় ঘরের তৈরি পিঠা খাওয়ার সুযোগ খুব একটা হয় না। তবে ক্যাম্পাসে যখন এই শীতের পিঠাগুলো পাই, তখন মায়ের হাতের পিঠার কথা মনে পড়ে যায়। বন্ধুদের নিয়ে একসঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা, এটি আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে।" 

শীতের পিঠা সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগের শিক্ষার্থী রুবাইয়েত বলেন, "কুমিল্লায় শীতের আমেজটা সবসময় একটু আগেই টের পাওয়া যায়, বিশেষ করে আমাদের লাল মাটির ক্যাম্পাস এলাকায়। আর ক্যাম্পাসের এই শীতের আমেজকে সত্যিকারের পূর্ণতা দান করে রাস্তার ধারের দোকানগুলোর শীতের পিঠা। কুয়াশাঘেরা হিমেল সন্ধ্যায় বন্ধুরা মিলে একসাথে দোকানে বসে ধোঁয়া ওঠা ভাপা বা ঝাল চিতই পিঠা খাওয়া আর জমে ওঠা আড্ডা-এগুলোই তো আমাদের ক্যাম্পাস জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।"

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন