মোঃ ইকরাম হাসান তিতুমীর কলেজ
প্রকাশ: ২১:১৬, ১০ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি তিতুমীর কলেজ শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল আনুমানিক ৫ টায় কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে আইসিডিডিআরবি (কলেরা হাসপাতাল) পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী বক্তব্যে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানা বলেন, দেশে বাসে অগ্নিসংযোগ, জনদুর্ভোগ সৃষ্টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রশিবির সোচ্চার রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জুলুম-নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। এত কিছুর পরও স্বৈরাচারী শক্তির এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে হবে। ছাত্রশিবির নিজেদের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যর্থতা দেখতে চান না তারা।
এ সময় ঢাকা মহানগর উত্তরের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। দেশে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ দেওয়া উচিত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, আইন প্রণয়নের পাশাপাশি আইন প্রয়োগের বিষয়েও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গতকাল (৯ নভেম্বর) ভোরে ও রাতে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত আনুমানিক ১০টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের সময় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।