চবি প্রতিনিধি
প্রকাশ: ২১:৩৯, ১০ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে হল প্রভোস্টের বিরুদ্ধে। হল সংসদ ও আবাসিক শিক্ষার্থীদের দাবি, বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া এসব সিটের অধিকাংশই পেয়েছেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের ক্ষেত্রে উপাচার্য ও উপ-উপাচার্যের সুপারিশের কথা উল্লেখ করতে শোনা যায় হল প্রভোস্টকে।
১ মিনিট ১২ সেকেন্ডের ওই অডিওতে বিশেষ বিবেচনায় হলে একাধিক শিক্ষার্থীর থাকার বিষয়টি তুলে ধরা হলে প্রভোস্টকে বলতে শোনা যায়, ‘ভিসি, প্রোভিসি যখন সিট দেই, সেগুলো তো আমাকে দিতে হয়। বহিরাগত যারা আছে, তাদের একটা লিস্ট দাও আমাকে।’
এ বিষয়ে শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী ও সাবেক ভিপি আলাউদ্দিন সন্দ্বীপী বলেন, ‘আমরা দায়িত্বে থাকাকালে বিশেষ বিবেচনায় সিট দেওয়ার বিষয়ে খুব বিরোধিতা করতাম। যাতে নিয়ম অনুযায়ী অ্যালটমেন্টের মাধ্যমে সিট দেওয়া হয়। চাকসুর পরে প্রথম অ্যালটমেন্টে আমরা ১০০টি সিট দিয়েছিলাম। কিন্তু এখানে মাত্র ১৮টি সিট দেওয়া হয়েছে। এখন অনেক সিট খালি হচ্ছে, কিন্তু খালি হিসেবে দেখানো হচ্ছে না। বিশেষ বিবেচনায় প্রভোস্ট দিয়ে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘ডাবলিংয়ে অনেকে সিট নিচ্ছে, আবার সিট না ছাড়াই উঠে যাচ্ছে। আমাদের ধারণা, এর পরিমাণ ১৩টি সিটেরও বেশি। এগুলো সবাই ছাত্রদলের পোলাপান বলে আমাদের ধারণা। এর আগে আমি বলেছিলাম, প্রশাসনের সুপারিশ থাকলেও গণহারে যাতে সিট দিতে না পারে।’
অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট ড. জহুরুল আলম বলেন, ‘আমি পাঁচ তারিখে দায়িত্ব নিয়েছি। এরপর থেকে আমি কাউকে কোনো সিট দিইনি। আমাদের সিট দেখার বিষয়গুলো সিনিয়র হাউস টিউটর দেখেন। তাঁর সঙ্গে কথা বললে দেখতে পারবেন।’
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘যৌক্তিকভাবে কারও সিট দরকার হলে বা অসহায়ত্বের বিষয়গুলো বিবেচনা করে আমাদের যে ৩ শতাংশ সিট আছে, সেটা আমরা দিতে পারি। নীতিমালা অনুযায়ী এবং নীতিমালায় যা উল্লেখ আছে, সেভাবেই দেওয়া হয়। নীতিমালার বাইরে গিয়ে আমরা কিছু করছি না।’