ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৫:৫৩, ১০ নভেম্বর ২০২৬

ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক বিক্ষোভ মিছিল, বিবৃতি ও প্রতিক্রিয়ায় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ও ছাত্রশক্তি এ ঘটনার প্রতিবাদ জানায়। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনগুলো।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। বস্তুটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় চালকের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বর ও বটতলার মধ্যবর্তী স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে মাসুদ রুমী মিথুন বলেন, দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ মিছিল করেছেন। ধর্মঘটের নামে সারা দেশে যানবাহনে বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে বোমা নিক্ষেপের ঘটনায় তাঁরা তীব্র নিন্দা জানান। আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে ছাত্রদল ভবিষ্যতেও রাজপথে থাকবে।

একই দিন দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে মিছিলে কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ইমরান হোসাইনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে ইমরান হোসাইন বলেন, একটি চক্র নয়াদিল্লিতে বসে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার ঘটনায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করার সুযোগ না দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিকে মঙ্গলবার রাত ২টার দিকে এক যৌথ বিবৃতিতে ঘটনার নিন্দা ও উদ্বেগ জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনটির সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব বিবৃতিতে বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অধিকার কারও নেই।

বিবৃতিতে তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিরাপত্তার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

অন্যদিকে, বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। তিনি বলেন, ‘পেট্রোল বোমা মেরে সাধারণ শিক্ষার্থীদের পরিবহন জ্বালিয়ে ফিরে যাওয়া যায় না। ফেরার রাস্তা চিরতরে বন্ধ করা যায়।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, বাসটি নিরাপদে ক্যাম্পাসে পৌঁছেছে। বিষয়টি উপাচার্যকে অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে টহল বাড়ানো হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান জানান, এ ঘটনায় শৈলকূপা থানায় মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দুই জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছে। ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন