তিতুমীর কলেজে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের ফ্রি ডেন্টাল সেবা

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৭:৩২, ১০ নভেম্বর ২০২৬

তিতুমীর কলেজে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের ফ্রি ডেন্টাল সেবা

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও দাঁত-মুখের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর তিতুমীর ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছে তিতুমীরস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ। ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি মেডিপ্লাসের সৌজন্যে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে টুথপেস্ট বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মাহমুদ হাসানের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই চিকিৎসাসেবা নিতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ জনাব সদরউদ্দিন আহমেদ বলেন, “শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবেই আমাদের আয়োজন করা উচিত। কিন্তু বিভিন্ন ব্যস্ততা ও বাস্তবতার কারণে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠন এ ধরনের সেবামূলক কার্যক্রম আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগে অংশগ্রহণ করায় ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তিতুমীর ক্যাম্পাসের জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলোর মধ্যে শিক্ষার্থীবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ বরাবরই অগ্রণী ভূমিকা পালন করছে। দাঁত ও মুখের স্বাস্থ্য প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এ বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ অনেকেরই সীমিত। শিক্ষার্থীদের জন্য এমন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় তারা আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সহযোগিতার জন্য ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “চাঁদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে গুরুত্ব দিয়েই আমাদের প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।”

ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিনিধিরা জানান, দাঁত ও মুখের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীসহ দেশবাসীর মধ্যে সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় তিতুমীরস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বানে তারা এ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ জনাব সদরউদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের শিক্ষক উপদেষ্টা সহকারী অধ্যাপক জনাব ফারুকুল ইসলাম, সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম স্বপন, জনাব সোহাগ হোসাইন, জনাব নাইমুর রহমান খান (সামি), সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জনাব জিয়াউল হক।

এ ছাড়া ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের জেনারেল ম্যানেজার (জিএম) জনাব আপেল মাহমুদ, মার্কেটিং হেড জনাব মিজানুর রহমান সম্রাট এবং বনশ্রী প্রধান শাখার ব্যবস্থাপক জনাব মোরশেদ হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও নতুন, ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজক সংগঠন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন