শীতের আমেজে ইবিতে পিঠার আয়োজনে জমছে আড্ডা

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি

প্রকাশ: ২১:১১, ১০ নভেম্বর ২০২৬

শীতের আমেজে ইবিতে পিঠার আয়োজনে জমছে আড্ডা

হেমন্তের শেষভাগে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হাওয়া। ভোরের কুয়াশা আর সন্ধ্যার হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনের এই আবহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসেও মিলছে শীতের চিরচেনা অনুষঙ্গ পিঠার স্বাদ। মাটির চুলায় জ্বলছে আগুন, তার ওপর তৈরি হচ্ছে গরম চিতই ও ভাপা পিঠা। নানা পদের ভর্তার সঙ্গে এসব পিঠার স্বাদ নিতে ভিড় করছেন শিক্ষার্থীরা। পিঠা খাওয়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় জমে উঠছে ক্যাম্পাসের সন্ধ্যা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলসংলগ্ন এলাকায় পিঠার এ আয়োজন করেছেন আবু বকর মামা ও তাঁর স্ত্রী পায়না খাতুন। তাঁদের দোকানে পাওয়া যাচ্ছে চিতই ও ভাপা পিঠা। এক প্লেট পাঁচটি চিতই পিঠার দাম ৩০ টাকা এবং প্রতিটি ভাপা পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকায়। চিতই পিঠার সঙ্গে রয়েছে সরিষা, চিংড়ি, শুঁটকি, মাংস মসলা ও ধনেপাতার ভর্তা। নানা স্বাদের এসব ভর্তার সঙ্গে গরম পিঠা খেতে শিক্ষার্থীদের আগ্রহও বেশ।

আবু বকর মামা ও তাঁর স্ত্রী পায়না খাতুন বেশ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তাঁরা প্রায় তিন বছর শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং পরিচালনা করেছেন। এরপর কয়েক মাস একটি দোকান পরিচালনা করেন। বর্তমানে শীত মৌসুমকে ঘিরে শুরু করেছেন পিঠা বিক্রির আয়োজন। ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের পরিচিতি থাকায় এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে এক ধরনের আন্তরিকতাও।

শীতের পিঠা বাঙালির খাদ্যসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন চালের গুঁড়া, খেজুরের গুড় ও নারকেলের স্বাদে তৈরি নানা পদের পিঠা শীতের ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তোলে। একসময় গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা তৈরির প্রচলন থাকলেও সময়ের পরিবর্তনে এ আয়োজন ছড়িয়ে পড়েছে শহরের অলিগলি, রাস্তার পাশের ছোট দোকান এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। এসব দোকান শুধু খাবারের চাহিদাই পূরণ করছে না, শিক্ষার্থীদের অবসর কাটানোরও একটি উপলক্ষ হয়ে উঠছে।

পিঠা খেতে আসা শিক্ষার্থীরাও এর স্বাদ ও মানের প্রশংসা করছেন। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “আবু বকর মামার পিঠাগুলো খেতে বেশ ভালো। বিশেষ করে চিতই পিঠার সঙ্গে বিভিন্ন ধরনের ভর্তা খাওয়ার অভিজ্ঞতাটা আলাদা। দামও শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে। সব মিলিয়ে পিঠার স্বাদে আমরা বেশ সন্তুষ্ট।”

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “শীতের সময় পিঠা খেতে ভালো লাগে। ক্যাম্পাসের মধ্যে এমন আয়োজন থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছে। বিশেষ করে চিংড়ি, শুঁটকি ও সরিষার ভর্তার সঙ্গে গরম চিতই পিঠা খেতে বেশ ভালো লাগে। বন্ধুদের নিয়ে এখানে এসে পিঠা খাওয়ার আনন্দই আলাদা।”

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুর বলেন, “পিঠার স্বাদ ও মান দুটোই ভালো। বিভিন্ন ধরনের ভর্তা থাকায় একই পিঠা ভিন্ন ভিন্ন স্বাদে খাওয়া যায়। পড়াশোনার ব্যস্ততার মাঝে বন্ধুদের সঙ্গে এখানে এসে পিঠা খাওয়া ও আড্ডা দেওয়া বেশ আনন্দের।”

শীতের তীব্রতা এখনো পুরোপুরি না এলেও ক্যাম্পাসে পিঠার এ আয়োজন যেন আগেভাগেই নিয়ে এসেছে শীতের আমেজ। মাটির চুলার আগুনে তৈরি গরম পিঠা আর বন্ধুদের সঙ্গে জমে ওঠা আড্ডায় শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছেন ক্যাম্পাসজীবনের ছোট ছোট আনন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন