প্রতিমন্ত্রীর মানহানী মামলার প্রতিবাদ মার্কিন সংস্থা সিপিজের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১২, ১৭ জুন ২০২৬

প্রতিমন্ত্রীর মানহানী মামলার প্রতিবাদ মার্কিন সংস্থা সিপিজের

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মানহানি মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার রক্ষা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

​

সম্প্রতি সিপিজে-র অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

 

​বিবৃতিতে সিপিজে-র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুনাল মজুমদার বলেন,

​"একজন প্রতিমন্ত্রীর ওপর অনুসন্ধানী প্রতিবেদন করার কারণে 'অগ্রযাত্রা প্রতিদিন'-এর চার সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা মূলত বৈধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে শাস্তি দেওয়ার একটি নগ্ন প্রচেষ্টা। বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত এই মামলাটি বাতিল করা এবং দায়িত্ব পালনরত সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মানহানির আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করা।"

 

​মামলার শিকার চার সাংবাদিক হলেন— দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস মাহমুদ তুষার। 

 

​সিপিজে তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, জনগণের স্বার্থে সরকারের নীতি বা মন্ত্রীদের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। একে অপরাধ হিসেবে গণ্য করে মামলা দায়ের করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সংস্থাটি অবিলম্বে এই মামলা বাতিল করে দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আরও পড়ুন