নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৫:৫১, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার এক বিবৃতিতে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, পত্রিকাটিতে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও অনুসন্ধানের ভিত্তিতে তুলে ধরা হয়েছে বলে জানা যায়। কিন্তু অভিযোগগুলোর বিষয়ে তথ্যগত ব্যাখ্যা বা স্বচ্ছ জবাব দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ অত্যন্ত প্রশ্নবিদ্ধ।
বিবৃতিতে বলা হয়, বিশেষ করে একজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীর মাধ্যমে এ মামলা করানোর অভিযোগ সত্য হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি অশনিসংকেত হিসেবে বিবেচিত হবে।
মঞ্চ ২৪ আরও উল্লেখ করে, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য অনুসন্ধান এবং জনস্বার্থে তথ্য প্রকাশ। রাষ্ট্র, সরকার কিংবা ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ কোনো অপরাধ নয়; বরং এটি একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
সংগঠনটির ভাষ্য, সংবাদ প্রকাশের জবাবে মামলা, ভয়ভীতি বা হয়রানির আশ্রয় নেওয়া স্বাধীন মতপ্রকাশের পরিবেশকে সংকুচিত করে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে দুর্বল করে।
বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এ ধরনের মামলাকে স্বাধীন সংবাদচর্চাকে নিরুৎসাহিত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে অবিলম্বে মামলাটি পুনর্বিবেচনা, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবি জানানো হয়।
একই সঙ্গে দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, সুশীল সমাজ ও গণতন্ত্রমনা নাগরিকদের প্রতি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে মঞ্চ ২৪।