নোয়াখালীতে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৪২ জন

আজিজুর রহমান, নোয়াখালী

প্রকাশ: ১৭:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে হামের উপসর্গে  ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৪২ জন

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে হামের প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ জন শিশু।

আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে মোট ১১৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ও হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ার হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নোয়াখালী অঞ্চলে প্রতিদিনই গড়ে অর্ধশতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। গত শনিবার বিকেল সাড়ে ৫টায় জ্বর ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ জিহাদ (৮)। আইসোলেশনে প্রাথমিক চিকিৎসা প্রদান সত্ত্বেও রাত সাড়ে ৯টার দিকে মারা যায় সে।

অন্যদিকে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তীব্র জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছয় বছর বয়সী ছেলে মাইয়ারকে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে তারও মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন জানান, আক্রান্তদের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত এক দিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬১ জন শিশু নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। জেলার প্রান্তিক এলাকাগুলোতে টিকা প্রদান জোরদার ও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন