নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৭, ১৯ নভেম্বর ২০২৬
দেশের গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তথ্যপ্রযুক্তি ও ই-গভর্ন্যান্স বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক সুফল পেতে শুরু করেছে। ডিজিটাল পদ্ধতি চালুর ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প তদারকি এবং দরপত্র প্রক্রিয়ায় যেমন গতি এসেছে, তেমনি নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
এলজিইডির বিশাল জনবল ও দাপ্তরিক শৃঙ্খলা পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে প্রশাসন শাখা ই-গভর্ন্যান্সের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে। অনলাইন পার্সোনেল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (PMIS)-এর মাধ্যমে সারাদেশে কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারীর চাকরির তথ্য, জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদ এবং পদায়নের তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া নিয়োগ, পদোন্নতি, বদলি-পদায়ন, বহিঃবাংলাদেশ ছুটি এবং অনাপত্তিপত্রের (NOC) মতো গুরুত্বপূর্ণ দাপ্তরিক আদেশগুলো ডিজিটাল পদ্ধতিতে ওয়েবসাইটে প্রকাশ ও ই-নথির মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। ফলে প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমেছে এবং বিভাগীয় শৃঙ্খলা ও আইনগত বিষয়গুলোর তদারকি আরও সহজ হয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এলজিইডি জিআইএস (GIS), এমআইএস (MIS) এবং অনলাইন প্রোগ্রেস মনিটরিং সিস্টেম (PMS) ব্যবহার করছে। এর মাধ্যমে দেশব্যাপী চলমান হাজারো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্থের সঠিক ব্যবহার এবং অবকাঠামোগত তথ্য তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। মাঠপর্যায়ের কাজের গুণগত মান ও অগ্রগতি তদারকি এখন আগের চেয়ে অনেক নির্ভুল।
সরকারি ক্রয় প্রক্রিয়ায় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চালুর ফলে এলজিইডির দরপত্র কার্যক্রমে আমূল পরিবর্তন এসেছে। অনলাইন দরপত্র আহ্বান, মূল্যায়ন এবং পূর্বানুমোদিত কমিটির মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। পাশাপাশি দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম কমে আসায় ঠিকাদার ও সংশ্লিষ্ট মহলের আস্থা বৃদ্ধি পেয়েছে।
দাপ্তরিক যোগাযোগ ও আইসিটি অবকাঠামো
প্রধান কার্যালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো, ওয়েবমেইল সার্ভার এবং আইপি ইন্টারকম ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষিত জনবল এবং বিশেষায়িত আইসিটি কোর গ্রুপের সমন্বয়ে দাপ্তরিক নথিপত্র আদান-প্রদান ও আন্তঃবিভাগীয় যোগাযোগ এখন অনেক দ্রুততর।
তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে এলজিইডি একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে। প্রশাসনিক স্বচ্ছতা থেকে শুরু করে মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন—সব ক্ষেত্রেই প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহার অব্যাহত রাখতে পারলে এই সুফল আরও দীর্ঘস্থায়ী ও জনবান্ধব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীর্ষ সংবাদ: