শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২১:১৫, ২০ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ায় নারী সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারে তাঁর একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্নের কাছে ওয়াঙ্গারাতা শহরে নিজের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকার সময় ৬৫ বছর বয়সী হেলেনের ওপর একটি সাদা ল্যান্ডক্রুজার তুলে দেন এক চালক। অভিযোগ রয়েছে, গাড়িটি ঘুরিয়ে তাঁকে দ্বিতীয়বারও আঘাত করা হয়।
ঘটনাস্থলে থাকা লোকজন এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন। পরে পুলিশ এসে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গুরুতর আহত হেলেনকে আকাশপথে মেলবোর্নের হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাঁর একটি পা কেটে বাদ দেওয়া হয়েছে। অন্য পা রক্ষায় চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে উল্লেখ করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও সন্ত্রাসবাদবিরোধী বিশেষ দল যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হেলেন হেইনস একজন সাবেক নার্স ও গবেষক এবং তিন সন্তানের মা। তিনি ২০১৯ সাল থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ওপর হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি