মোঃ রেদোয়ান কবির রিফাত
প্রকাশ: ১৮:১৮, ১৪ নভেম্বর ২০২৬
দুবাইয়ে চালকবিহীন অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রমে বড় সাফল্য এসেছে। মাত্র চার সপ্তাহে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক পডে যাতায়াত করেছেন তিন হাজারেরও বেশি যাত্রী।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর এই পরিবহন ব্যবস্থাটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান Glydways।
দুবাইয়ের ব্লু-ওয়াটার্স আইল্যান্ডে পরিচালিত হয়েছে এর পরীক্ষামূলক কার্যক্রম।ছোট আকারের এসব বৈদ্যুতিক পডে একসঙ্গে চার থেকে ছয়জন যাত্রী চলাচল করতে পারবেন। চালক ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্যামেরা, রাডার ও লিডার সেন্সরের মাধ্যমে নির্ধারিত বিশেষ ট্র্যাকে চলবে এসব যানবাহন।
পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে দুবাইয়ের বিভিন্ন আবাসিক এলাকা, মেট্রো স্টেশন, শপিং মল ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ সহজ করতে এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।বিশেষজ্ঞদের মতে, চালকবিহীন এই পরিবহন ব্যবস্থা বাস্তবায়িত হলে যানজট কমানো, যাতায়াতের সময় সাশ্রয় এবং পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।তবে পরীক্ষামূলক কার্যক্রমে সাফল্য এলেও সাধারণ যাত্রীদের জন্য পূর্ণাঙ্গ বাণিজ্যিকভাবে চালুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।