ময়লার স্তূপে বিপর্যস্ত বানারীপাড়া পৌরসভা

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশ: ১১:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ময়লার স্তূপে বিপর্যস্ত বানারীপাড়া পৌরসভা

বরিশালের বানারীপাড়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও সড়ক অবকাঠামোর বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র ময়লার স্তূপ, জলাবদ্ধতা ও অপর্যাপ্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে নাগরিক দুর্ভোগ দিন দিন বাড়ছে। এর সঙ্গে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু নিয়েও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা জমে রয়েছে। কোথাও কোথাও দীর্ঘদিন ধরে ময়লা পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে নদীর পাড় ও জনসমাগমপূর্ণ এলাকায় ময়লার স্তূপ থাকায় পথচারী, ব্যবসায়ী ও দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় ময়লা-আবর্জনা জমে থাকছে। একই সঙ্গে ডোবা, খাল ও জলাশয়ে ময়লা পানি ও আবর্জনা জমে থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে মশার উপদ্রব বেড়েছে এবং ডেঙ্গুর ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে কার্যকর ও নিয়মিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে পৌরসভার বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থারও নাজুক অবস্থা দেখা গেছে। স্থানীয়দের দাবি, পুরোনো ও অপরিকল্পিতভাবে নির্মিত কিছু ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

পৌরসভার অভ্যন্তরীণ বেশ কিছু সড়কও ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব সড়কে চলাচলের সময় পথচারীসহ যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন—দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ কবে নেওয়া হবে?

অন্যদিকে, রাতে পৌর এলাকার সড়কবাতি নিয়েও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন সড়কের অধিকাংশ বাতি জ্বলে না। কিছু বাতি জ্বললেও সেগুলোর অনেকগুলো ত্রুটিপূর্ণ বা নষ্ট। ফলে রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন সড়কে চলাচল করতে গিয়ে পথচারী ও স্থানীয়দের নিরাপত্তাহীনতায় পড়তে হচ্ছে।

পৌরসভার পক্ষ থেকে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ও পর্যাপ্ত পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়ায় এর সুফল দৃশ্যমান নয়। তাদের দাবি, শুধু নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার, মশক নিধন, সড়কবাতি সচল এবং জরাজীর্ণ সড়ক সংস্কারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পৌরবাসীর দাবি, নাগরিক সেবা নিশ্চিত করতে এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ডেঙ্গু ও মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

দীর্ঘদিনের এসব নাগরিক সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ ও যথাযথ তদারকি চান বানারীপাড়া পৌরবাসী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন