এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১২:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দর্শনা থানা পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফলেহার হোসেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে। তিনি দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশের ভাষ্য, গত ৩ সেপ্টেম্বর দর্শনা থানা এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মশাল মিছিলে ফলেহার হোসেন সরাসরি জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন—মো. ঝন্টু (৪৭), লিটন (৩৮), মোতালেব হোসেন (৪০), লিমন ওরফে আলফাজ (৪৫) ও শাওন ইসলাম (২২)। পুলিশের দাবি, তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফলেহার হোসেন ও তাঁর সহযোগীরা গত ৩ সেপ্টেম্বরের ঝটিকা মশাল মিছিলে সরাসরি জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পৃথক অভিযানে অন্য পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।