আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার

এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা

প্রকাশ: ১১:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে নন-এফআইআর , চুরি , মাদক , বিস্ফোরক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (রোববার) দিন ও রাতে আলমডাঙ্গা থানা এবং বিভিন্ন পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন , আলমডাঙ্গার ভবেরবেড় গ্রামের মোছা. মনোয়ারা খাতুনের ছেলে আক্তার হোসেন (৫০) , চিথলিয়া গ্রামের সাঈদের ছেলে স্বাধীন (২২) , ফরিদপুর গ্রামের বুদু শেখের ছেলে কাজল শেখ (৪০) , চরশ্রীরামপুর নওদাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজু (২৪) এবং যুগীরহুদা গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে কামাল হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায় , আলমডাঙ্গা থানা পুলিশ রোববার রাতে এসআই আলমগীর কবীরের নেতৃত্বে বন্ডবিল রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ভবেরবেড় গ্রামের আক্তার হোসেনকে প্রকাশ্যে রাস্তায় ডাক-চিৎকার করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নন-এফআইআর মামলা করা হয়েছে। একই কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা আলমডাঙ্গা থানার বিশেষ অভিযানে চিথলিয়া গ্রামের স্বাধীনকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে , তিনি আলমডাঙ্গা থানার একটি চুরি মামলার তদন্তে পাওয়া আসামি।

এদিকে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই নবাব আলীর নেতৃত্বে ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ফরিদপুর গ্রামের কাজল শেখকে গ্রেফতার করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে এসআই ওয়াহিদুল ইসলাম গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজুকে তাঁর নিজ বসতবাড়ি থেকে আটক করেন।

এ ছাড়া এসআই নিয়ামুল হকের নেতৃত্বে আলমডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যুগীরহুদা গ্রামের কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় , তিনি হত্যা ও বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি।

পুলিশ জানায় , গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নন-এফআইআর , মামলার তদন্তে পাওয়া ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের রোববার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন , বিভিন্ন মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। পৃথক অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন , মাদক নিয়ন্ত্রণ এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন