অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার

মোস্তফা আন্জুম ফাহিম  চকরিয়া

প্রকাশ: ১১:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান (জিসান) নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কাকারা সাবের সদরের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি জিসানকে তুলে নিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকায় জিসানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতের পরিবারের দাবি, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিসানকে কারা অপহরণ করেছে, কোথায় এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন