সৌরভ হাওলাদার, বাকেরগঞ্জ
প্রকাশ: ১১:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:০০ টায় বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের পিয়ারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অভ্র জ্যোতি বড়াল। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, পিয়ারপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এতে ব্রিজ ও আশপাশের সরকারি-বেসরকারি অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে মাটি কাটার অপরাধে হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের প্রত্যেককে আইন অনুযায়ী জরিমানা অনাদায়ে শাস্তির আওতায় এনে মোট ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, পিয়ারপুর ব্রিজসহ যেকোনো সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।