মুহাম্মাদ জহিরুল ইসলাম জহির, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: ১১:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শনিবার দুপুরে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বাজারের হারুনের ফার্মেসিতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, অসুস্থতাবশত পেটে ব্যথা নিয়ে একই এলাকার এক গৃহবধূ হারুনের ফার্মেসিতে ঔষধ নিতে যান। তখন অভিযুক্ত হারুন চিকিৎসার কথা বলে তাকে দোকানের পেছনে নিয়ে শারীরিক শ্লীলতাহানির চেষ্টা চালায়। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারী প্রথমে চুপ থেকে বাড়ি ফিরে যান। পরবর্তীতে প্রবাসফেরত স্বামীকে বিষয়টি অবহিত করলে, বিকেলেই তিনি স্ত্রীকে সাথে নিয়ে ওই ফার্মেসিতে গিয়ে ঘটনার কড়া প্রতিবাদ জানান।
প্রতিবাদের একপর্যায়ে সেখানে উৎসুক জনতার ভিড় জমে গেলে স্থানীয় মাতাব্বররা বিষয়টি নিজেরা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন। পরে সন্ধ্যায় ধরগাঁও বাজারে তড়িঘড়ি করে সালিশ বসানো হয়। সেখানে অভিযুক্ত হারুনকে পিঠমোড়া বেঁধে কয়েকটি চড়-থাপ্পড় মেরেই ছেড়ে দেওয়া হয়।
গ্রাম্য প্রধানদের এমন দায়সারা বিচারে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। খবর পেয়ে ফার্মেসিতে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায় এবং হারুনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এ ধরনের লোক আগেও একাধিক রোগীর সাথে অন্যায় করেছে। এমন লোক দেখানো বিচারে কোনো কাজ হবে না।"
ভুক্তভোগীর শাশুড়ি আক্ষেপের সাথে বলেন, "গ্রামে বসবাস করতে হবে বলেই মাতাব্বরদের এই লোক দেখানো বিচার মেনে নিতে হচ্ছে। আমাদের আর কিছু বলার উপায় নেই।"
ঘটনার বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, "এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"