মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২১:৩১, ১ অক্টোবর ২০২৬
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ (১ অক্টোবর) বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে বুনাগাতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং শালিখা, মাগুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস।
সংবর্ধনার জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বুনাগাতী ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ডিও লেটার প্রদানের উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।
মন্ত্রী বুনাগাতী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যান্য দাবির প্রতিও সমর্থন ব্যক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বুনাগাতী বালিকা বিদ্যালয়ের দুইজন শিক্ষকের এমপিওভুক্তির বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান। একইসঙ্গে কারিগরি বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের ঐক্য গুরুত্বপূর্ণ। তিনি নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আগামী শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এ বছর দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ৪ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করার সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবেন এবং এ বছর পূজা মন্ডপের সংখ্যা গত বছরের তুলনায় আরও বেশী হবে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চাকে কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দেশীয় খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে হবে। এ লক্ষ্যে নৌকাবাইচ, কাবাডিসহ ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলার আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বুনাগাতী ইউনিয়নের পাঁচটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বুনাগাতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।