নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৬, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:১৮, ২ অক্টোবর ২০২৬
শুক্রবার (২ অক্টোবর) মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
তিনি বলেন, পুলিশ শুধু জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষক নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতিচর্চাকে কার্যকর হাতিয়ার হিসেবে উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, এ লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচসহ দেশীয় খেলাধুলা ও লোকঐতিহ্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।
নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নৌকাবাইচসহ ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের বিপুল সমর্থন নিয়ে জনবান্ধব ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এ অগ্রযাত্রায় তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নজরুল বর্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণি-পেশা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসব কর্মসূচিতে শিক্ষার্থী ও তরুণদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে মাগুরার পুলিশ সুপার খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষাশহীদদের স্মরণে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে নবনির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রশাসন ও পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।