নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩২, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা করেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা ও শাস্তির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশের কথাও উল্লেখ করেন স্পিকার।
বর্তমান সরকারের অধীনে ন্যায়বিচার ও বাক্স্বাধীনতা রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এখন সাধারণ মানুষ সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারছেন। একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন স্পিকার।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেশের সম্পদ বিদেশে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর দাবি, সরকারের পতনের পরও দলটির কিছু নেতা বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম মজুমদার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।