সাভারে সংঘর্ষের মধ্যে পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিকসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৫, ৪ নভেম্বর ২০২৬

সাভারে সংঘর্ষের মধ্যে পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিকসহ আহত ১০

তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। সংঘর্ষে পুলিশ ও দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও পদ্মার মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, সকালে পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে তাদের সরে যেতে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন। সংঘর্ষ ও হামলায় পুলিশ ও সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হন।

পরে বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

অন্যদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে শ্রমিকেরা বেরিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান নূর বললেন, শ্রমিকেরা তিন দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন