দীপক চন্দ্র শীল বরিশাল প্রতিনিধি।
প্রকাশ: ২৩:৪৯, ৪ নভেম্বর ২০২৬
বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার যুগান্তকারী উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
আজ এক বিবৃতিতে তিনি বরিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশাল নগরীর বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখননের লক্ষ্যে ৭৩০ কোটি টাকা ব্যয়ে ১০টি খালের সৌন্দর্যবর্ধন এবং ২০টি খাল খননের এই যুগোপযোগী প্রকল্পটি অনুমোদন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বরিশালকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বরিশালবাসীর জীবনমান উন্নয়ন ও নগরীর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীকে পুনরায় ধন্যবাদ জানান।