শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২২:৩৬, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৯, ৪ নভেম্বর ২০২৬
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায়।
এসআরবি জানায়, কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সন্দেহভাজন সিএনজি চেকপোস্টে পৌঁছালে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় চালক দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করা হয়। এ সময় চালকের দেখিয়ে দেওয়া মতে, গাড়ির ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন বাজাজ সিএনজিটিও জব্দ করা হয়।
এসআরবির দাবি, দেলোয়ার দীর্ঘদিন ধরে শেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় জামালপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মদ ও জব্দ করা সিএনজিসহ তাঁকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।