পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৬, ১৬ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের আজকের (তৃতীয়) সভা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

এদিন বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্যকারণে’ পূর্ব নির্ধারিত এই সভা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিগগিরই সভার তারিখ পুনঃনির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।’

বোর্ডের পূর্বনির্ধারিত নোটিস অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুযায়ী আয়োজিত এ সভায় সভাপতিত্ব করার কথা ছিল বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর। আজকের সভার মূল এজেন্ডা ছিল মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ করা এবং সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি কাঠামো নিয়ে আলোচনা করা।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন