পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:১২, ১৯ নভেম্বর ২০২৬
দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, হামলা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়েছেন পিরোজপুর-১ (নাজিরপুর–স্বরূপকাঠি) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নাশকতা প্রতিহত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন এমপি মাসুদ সাঈদী। পরে তিনি বিষয়টি এই প্রতিবেদককেও নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারও দেশজুড়ে রক্তক্ষয়ী অগ্নিসন্ত্রাস ও তাণ্ডব শুরু করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসের ইতিহাস এ দেশের মানুষের অজানা নয়। ১৯৭২-৭৫ সালের রক্ষীবাহিনীর বর্বরতা, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর রায় ঘোষণার পর দেশব্যাপী গণবিক্ষোভ দমনে হত্যাকাণ্ড, ৫ মে শাপলা চত্বরের ঘটনা, আয়নাঘরের গুম-খুন এবং ২০২৪ সালের জুলাই গণহত্যায় হাজারো ছাত্র-জনতার রক্ত যাদের হাতে লেগে আছে, তারা আজও থামেনি।
তিনি আরও অভিযোগ করেন, এত মানুষ হত্যার পরও কোনো অনুতাপ বা অনুশোচনা ছাড়াই শেখ হাসিনা ও তার অনুসারীরা পুরোনো রূপে ফিরে এসেছে।
মাসুদ সাঈদী তার পোস্টে উল্লেখ করেন, সারাদেশে ককটেল বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের পাশাপাশি শত শত সন্ত্রাসীর মিছিল নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সংলগ্ন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের বিভিন্ন অফিস, দোকানপাট ও সাধারণ মানুষের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। পার্কিং করে রাখা বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জনপরিষেবা ব্যাহত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষ পুড়িয়ে ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না। অবিলম্বে এই নারকীয় পথ ছেড়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসতে হবে। অতীতের জুলুম, অত্যাচার ও নির্যাতনের জন্য মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল, সরকারি-বেসরকারি স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে আগুন ও সাধারণ মানুষের ঘরবাড়ি লুট করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বন্ধ করতে হবে। প্রতিটি নাশকতা, লুটপাট ও হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ সংরক্ষিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত আইন ও বিচারব্যবস্থার মাধ্যমে প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করা হবে, কোনো অপরাধী রেহাই পাবে না।
পুলিশ ও প্রশাসনের উদ্দেশে এমপি মাসুদ সাঈদী বলেন, সাধারণ মানুষের জানমাল, ঘরবাড়ি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রশাসনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অগ্নিসংযোগ, লুটপাট, থানায় হামলা ও নিরীহ মানুষ হত্যার মতো ঘটনা ঘটলেও প্রশাসনের নির্লিপ্ততা ও ব্যর্থতা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
জনগণের করের টাকায় পরিচালিত প্রশাসন সন্ত্রাসীদের তাণ্ডব ঠেকাতে ব্যর্থ হলে সেই দায় এড়াতে পারে না উল্লেখ করে তিনি প্রশাসনের ভেতরে থাকা উদাসীনতা, গাফিলতি ও আপসকামিতা বন্ধের দাবি জানান। মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে চিহ্নিত সন্ত্রাসী, নাশকতাকারী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে মানুষ নিজেদের জানমাল রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হবে এবং প্রশাসনের ব্যর্থতার জবাবদিহি আদায় করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সবশেষে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে উদাসীনতা ও গড়িমসির অভিযোগ তুলে মাসুদ সাঈদী বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ও হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জনগণের রায়ের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। অথচ জনগণের ঐতিহাসিক আকাঙ্ক্ষা ও জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার চরম উদাসীনতা দেখাচ্ছে।
তিনি বলেন, একদিকে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা, অন্যদিকে চিহ্নিত সন্ত্রাসীদের দমনে অদক্ষতা ও ব্যর্থতা—এই দুইয়ে দেশ ভয়াবহ নিরাপত্তাহীনতার দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়ছে, থানায় হামলা হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে; অথচ সরকার কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না।
চলমান নৈরাজ্য ও সন্ত্রাস কঠোর হাতে দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার জন্য সরকারকে কড়ায়-গণ্ডায় মূল্য দিতে হবে। ইতিহাসের কাঠগড়ায় এই ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।
শীর্ষ সংবাদ: