সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৪, ৭ নভেম্বর ২০২৬
আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ আয়োজনকে সামনে রেখে উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে মাঠ ও গ্যালারিসহ স্টেডিয়ামের সার্বিক অবকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও টেস্ট ম্যাচকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেশের অন্যতম নান্দনিক ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেটের আরও আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনেও নতুন প্রত্যাশা তৈরি করেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়ন বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা বাড়ার পাশাপাশি দর্শকদের জন্যও আরও উন্নত পরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে সিলেটের পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ব্যবসা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত ভেন্যু হিসেবে সিলেটের অবস্থান আরও সুদৃঢ় হবে।