নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:২৮, ৭ নভেম্বর ২০২৬
তবে এই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে স্বাগতিকদের। ফলে কত রান লক্ষ্য হবে নাজমুল হোসেন শান্তর দলের সামনে, সেটাই এখন আলোচনার। যদিও জয়ের জন্য কত রানের লক্ষ্য হলে সুবিধা হবে, তা এখনই বলতে পারছেন না বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। কারণ তার চোখে, সিলেটের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।
রান তাড়ার সমীকরণে গত মে মাসে পাকিস্তান সিরিজের অভিজ্ঞতাও মাথায় রাখছেন সিমন্স। ৪৬৯ রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশ জিতেছিল মাত্র ৭৮ রানে। সিলেটেও উইকেটের চরিত্র বিবেচনায় তাই বড় লক্ষ্য পেলেও স্বস্তিতে থাকার সুযোগ দেখছেন না তিনি।
সিমন্স বলেন, ‘কত রান স্বস্তিদায়ক হবে, তা জানি না। গত মে মাসে আমরা পাকিস্তানকে প্রায় ৫০০ (৪৬৯) রানের লক্ষ্য দিয়েছিলাম, কিন্তু তারা প্রায় ৪০০ (৩৯০) রান করে ফেলেছিল। এখানকার উইকেট এখনো ভালো, সাধারণত ভালোই থাকে। সকালে ওয়েস্ট ইন্ডিজ কত রান করতে পারে, সেটি আগে দেখি। এরপর বুঝতে পারব, কী লক্ষ্য তাড়া করতে হবে।’
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেছিলেন একাদশে আরও একজন পেসার থাকলে ভালো হতো। তবে ফিল সিমন্স তা মনে করেন না, দুই পেসার ৩ স্পিনারই ঠিক মনে হয় তার।
বরং তার মতে, বাংলাদেশের তিন স্পিনার এখনো নিজেদের সামর্থ্যের পুরোটা দেখাতে পারেননি। ঢাকা ও সিলেট—দুই টেস্টের প্রথম ইনিংসেই স্পিনারদের কাছ থেকে আরও ভালো বোলিং প্রত্যাশা ছিল তার।
সিমন্সের আশা, দ্বিতীয় ইনিংসে নিজেদের চেনা রূপে ফিরবেন বাংলাদেশের স্পিনাররা। সর্বশেষ সিলেট সফরে শেষ দিনে স্পিনারদের হাতেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যাওয়ার উদাহরণও টেনেছেন তিনি।
সিমন্স বলেন, ‘আমার মনে হয়, স্পিনাররা আরও ভালো বোলিং করতে পারে। ঢাকা ও এখানকার প্রথম ইনিংস—কোনোটিতেই তারা নিজেদের প্রকৃত সামর্থ্য দেখাতে পারেনি। আশা করি, আগামীকাল তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। এখানে সর্বশেষ যখন আমরা খেলেছিলাম, শেষ দিনে এই দুজন স্পিনারই পাকিস্তানকে অলআউট করেছিল। আশা করি, এবারও তিন স্পিনারের প্রকৃত সামর্থ্য ও গুণাবলি দ্বিতীয় ইনিংসে দেখা যাবে।’