বাংলাদেশকে আড়াইশোর নিচে থামাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:২০, ৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে আড়াইশোর নিচে থামাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেও সন্তুষ্টির জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলের লক্ষ্য ছিল চারশো ছাড়ানো। তবে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে ভুলছেন না সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু। দ্বিতীয় দিনের খেলা শেষে তার চোখ এখন বাংলাদেশের প্রথম ইনিংসের দিকে। স্বাগতিকদের আড়াইশোর নিচে আটকে রাখতে চায় ক্যারিবীয়রা।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে জাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দলটি। তবে দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে আবারও চাপে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৫৬ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।

অ্যালিকের মতে, দলের পরিকল্পনা ছিল চারশোর বেশি রান তোলার। কিন্তু বাংলাদেশের বোলিংয়ের কারণে সেটি সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কিছুটা হতাশ। কারণ আমাদের লক্ষ্য ছিল ৪০০ রান পেরোনো। তবে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। আমরা জানতাম, দ্বিতীয় নতুন বল আমাদের জন্য বিপদ তৈরি করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আজ আর ইনিংসটা টেনে নিতে পারিনি। তারপরও ৩৫০-এর বেশি রান করতে পেরে আমরা সন্তুষ্ট।’

১৩৩ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরেছেন জাঙ্গু। বলটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে নিজের ভুল হিসেবেই দেখছেন তিনি। তার ভাষ্য, ‘হাসান একটা নির্দিষ্ট জায়গায় ধারাবাহিকভাবে বল করেছে। বল কখনো বাইরে, কখনো ভেতরে সিম মুভমেন্ট করছিল। আমি ভেবেছিলাম ওই লেংথে পড়ার পর বলটি বাইরে চলে যাবে। সিদ্ধান্তটি আমার ভুল ছিল। তবে ওই সময়জুড়ে একই জায়গায় ধারাবাহিকভাবে বল করার জন্য হাসানকে কৃতিত্ব দিতেই হবে।’

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন জাঙ্গু। তার ধারণা, উইকেট ক্রমেই ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠছে। তাই উইকেট নেওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা না করে ধৈর্য ধরে চাপ তৈরি করতে হবে। বাংলাদেশের লক্ষ্য ২৫০ রানের নিচে আটকে রাখা। তিনি বলেন, ‘আমি বলবো, ২৫০ রানের নিচে। উইকেট ক্রমেই ফ্ল্যাট হচ্ছে। বাংলাদেশের পেসাররা এই উইকেটে দারুণ বোলিং করেছে। এখন দেখা যাচ্ছে, ব্যাটাররা সেট হয়ে গেলে তাদের আউট করা বেশ কঠিন। কাল আমাদের জন্য কঠিন হতে পারে, আবার পরিস্থিতি অন্য দিকেও যেতে পারে। ক্রিকেটে এমনই হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল কাজ হবে উইকেটে চাপ তৈরি করা। উইকেট পাওয়ার জন্য অতিরিক্ত কিছু করতে গেলে চলবে না। কারণ ব্যাটাররা দ্রুত রান তুলতে পারে। আমাদের ধৈর্য ধরে বোলিং করতে হবে এবং সুযোগের অপেক্ষায় থাকতে হবে।’

আরও পড়ুন