মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আপাতত শূন্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৩৪, ৬ নভেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আপাতত শূন্য

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি আপাতত কোনো খেলোয়াড়কে দেওয়া হচ্ছে না। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচে এই জার্সি ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ।

প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছেন মেসি। গত মাসে এল মনুমেন্তালে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার মধ্য দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করেন এই তারকা ফুটবলার। এরপর থেকেই আলোচনায় রয়েছে, তার ঐতিহাসিক জার্সির পরবর্তী উত্তরসূরি কে হতে যাচ্ছেন।

সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১ থেকে ১১ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে জার্সি বরাদ্দ দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই আসন্ন দুই ম্যাচে কোনো খেলোয়াড়ের গায়ে ১০ নম্বর জার্সি দেখা যাবে না।

২০২৭ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা আবার মাঠে নামলে মেসির উত্তরসূরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে ১০ নম্বর জার্সির সম্ভাব্য দাবিদারদের মধ্যে আলোচনায় রয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোর মিডফিল্ডার নিকো পাজ। সাম্প্রতিক সময়ে ক্লাব ও জাতীয় দল—দুই পর্যায়েই নজরকাড়া পারফরম্যান্স করছেন তিনি। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে টানা তিনটি প্রীতি ম্যাচে গোল করেছেন এই তরুণ ফুটবলার। বলিভিয়ার বিপক্ষে সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন তিনি।

পাজের খেলার ধরনে মুগ্ধ আর্জেন্টিনার সতীর্থরাও। জাতীয় দলের ফুটবলার ভ্যালেন্তিন বারকো তাকে ১০ নম্বর জার্সি দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তার মতে, পাজের খেলার ধরন অসাধারণ এবং এই জার্সি পাওয়ার যোগ্যতা তার রয়েছে।

তবে মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে আরও কয়েকজন তারকা ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অন্যতম। ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। একই সঙ্গে আক্রমণাত্মক ফুটবলে দক্ষতার কারণে আলোচনায় আছেন এনজো ফার্নান্দেজও।

সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে তিনিই একমাত্র, যিনি মেসির ১০ নম্বর জার্সি পরে একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ইকুয়েডরের বিপক্ষে গুয়ায়াকিলে অনুষ্ঠিত ম্যাচে তার গায়ে ছিল ঐতিহ্যবাহী এই জার্সি।

সব মিলিয়ে মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার হাতে উঠবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আপাতত জার্সিটি অব্যবহৃত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটির কোচিং স্টাফ। ফলে নতুন উত্তরসূরির নাম জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের।

আরও পড়ুন