নোবিপ্রবিতে অ্যালামনাই-শিক্ষার্থী অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো: মিলন হুসাইন, নোবিপ্রবি

প্রকাশ: ০০:৪২, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪৩, ৭ নভেম্বর ২০২৬

নোবিপ্রবিতে অ্যালামনাই-শিক্ষার্থী অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন এবং কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বক্তব্যে তিনি বলেন, নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় এগিয়ে গেছেন। তাই বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকেও আরও ভালো কিছু প্রত্যাশা করা যায়। এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং একাডেমিক পাঠ্যক্রম উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান রিমেল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কৃতি প্রাক্তন শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতা অর্জন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন ও কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতেই এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন