মুহাম্মাদ রিফাত হোসেন, জবি
প্রকাশ: ১২:৩৯, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩, ৬ নভেম্বর ২০২৬
কিউএসের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ৫২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হয়েছে, ৭টি নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে এবং ২৭টি বিশ্ববিদ্যালয় পিছিয়েছে। এ ছাড়া নতুন করে তালিকায় যুক্ত হয়েছে ৬টি বিশ্ববিদ্যালয়।
জবির অগ্রগতি ও সার্বিক অবস্থান
দক্ষিণ এশীয় অঞ্চলে ৩৮ ধাপ এগোনোর পাশাপাশি এশিয়ার সামগ্রিক তালিকায়ও এক ব্র্যাকেট উন্নতি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। গত বছর ১-১০০ ব্র্যাকেটের (১১০১-১২০০) মধ্যে থাকা জবি এবার ১০০১-১১০০ ব্র্যাকেটে উঠে এসেছে।
মূল্যায়ন সূচকগুলোর বিশ্লেষণে দেখা যায়, গবেষণা ও আন্তর্জাতিক সংযোগে সন্তোষজনক নম্বর পেয়েছে জবি। সংস্থাটির মূল্যায়নে ‘সাইটেশনস পার পেপার’ (গবেষণাপত্রপ্রতি উদ্ধৃতি) সূচকে বিশ্ববিদ্যালয়টি ৬২.৩ স্কোর করেছে। পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক’ সূচকে ৪৫.৪ স্কোর অর্জন করেছে। এ ছাড়া ‘পেপারস পার ফ্যাকাল্টি’ সূচকে ৮.৩, ‘এমপ্লয়ার রেপুটেশন’ বা নিয়োগকর্তাদের মূল্যায়নে ১১ এবং ‘একাডেমিক রেপুটেশন’ সূচকে ১০ স্কোর পেয়েছে প্রতিষ্ঠানটি।
পরিসংখ্যান অনুযায়ী, ১৭ হাজার ৪৯৪ জন শিক্ষার্থীর বিপরীতে জবিতে বর্তমানে ৮৪৪ জন শিক্ষক রয়েছেন; যার ভিত্তিতে প্রতি শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় প্রায় ২০.৭ জন।
শীর্ষ ১০-এ অবস্থান করছে যারা
এশিয়ার সামগ্রিক র্যাঙ্কিং বিশ্লেষণে দেখা গেছে, দেশীয় তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম)। দ্বিতীয় স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (১৪৯তম) এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট (১৭৯তম)।
এরপর ক্রমানুসারে শীর্ষ ১০-এ রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২১৬তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১তম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩২৯তম), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩৪৯তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েট (৩৭০তম) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৭৮তম)। এশিয়ার তালিকায় পিছিয়ে থাকায় জবি এই তালিকায় স্থান করতে পারেনি।
সার্বিক অর্জন ও ভবিষ্যতের মানোন্নয়ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, "আমরা মাত্র কাজ শুরু করেছি। দায়িত্ব নেওয়ার পর র্যাঙ্কিং জোরদার করতে বিশেষ কমিটি গঠন করেছি এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ আমরা ইমপ্রুভ করছি এবং ভবিষ্যতে এর ইতিবাচক প্রতিফলন আরও জোরালো হবে।"
র্যাঙ্কিং মানদণ্ড পূরণে গঠিত কমিটির কনভেনার হিসেবে নিজে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে উপাচার্য আরও বলেন, "কেবল কিউএস নয়, অন্যান্য আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও জবির অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় সূচকগুলো কভার করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসময় র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে পৌঁছাবে।"