স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৩১, ৬ নভেম্বর ২০২৬
তার টেস্ট ক্যারিয়ারটা মোটে ১৯ ম্যাচের। এরই মধ্যে তিনি গড়ে বসেছেন এই রেকর্ড। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন অন্তত ২৫ জন ক্রিকেটার। তার মধ্যে পেসার ছিলেন ৫ জন। তাদের মধ্যে শাহাদাত হোসেন খেলেছেন সবচেয়ে বেশি ৩৮ ম্যাচ, সর্বোচ্চ ফাইফারের রেকর্ডটা ছিল তার দখলে, ৪টি। তার অর্ধেক ম্যাচ খেলেই এই কীর্তি নিজের করে নিয়েছেন হাসান মাহমুদ।
ম্যাচের প্রথম দিনে ২টি উইকেট তুলে নিয়েছিলেন। তবে হাসান তার আসল ভেল্কিটা দেখিয়েছেন আজ দ্বিতীয় দিন সকালে। আমির জাঙ্গুকে বোল্ড করে দিনের শুরুটা করেছেন। এরপরের বলে রস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন। পরের বলে জশুয়া বিশপকে আউট করতে করতেও করা হয়নি, ডিআরএস বাঁধা না হলে হ্যাটট্রিকটাও হয়ে যেত বৈকি!
তবে সেই বিশপকে পরে লিটন দাসের নৈপুণ্যে আউট করেন হাসান। সঙ্গে সঙ্গে কীর্তিটা গড়া হয়ে যায় তার। টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট পাওয়া বাংলাদেশি পেসার বনে যান হাসান মাহমুদ।
তবে তিনি সেখানে থামেননি। শামার জোসেফকে বোল্ড করেছেন, ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৬ উইকেট তুলে নিয়েছেন এক ইনিংসে।
এই উইকেটও একটা রেকর্ড এনে দেয় হাসান মাহমুদকে। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট পেয়েছিলেন তিনি। এই নিয়ে দ্বিতীয় বার ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
এক ইনিংসে ৬ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি হাসান মাহমুদ বাদেও আছে আরও ৬ বাংলাদেশি পেসারের। তারা হলেন— শাহাদাত হোসেন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।
তবে তাদের কেউই এক বারের বেশি এই কীর্তি গড়তে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট নিয়ে তাদের সবাইকে ছাড়িয়ে হাসান পৌঁছে যান অনন্য এক উচ্চতায়।