সিংগাইরে ৭৬ লাখ টাকার এইচবিবি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

সোহেল রানা, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২০:৩৬, ৬ জুন ২০২৬

সিংগাইরে ৭৬ লাখ টাকার এইচবিবি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি এইচবিবি (হেরিংবোন বন্ড) সড়ক প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে ব্যবহৃত অনেক ইট নিম্নমানের। এছাড়া বালুর পরিমাণ কম দেওয়া, গাইডওয়াল নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ব্যবহার না করা এবং নির্ধারিত মান অনুসরণ না করেই কাজ পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেবে যাওয়া ও অন্যান্য ত্রুটি দেখা দিয়েছে। এতে প্রকল্পটির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার চান্দহর ইউনিয়নের চাকপালপাড়া সড়ক থেকে ইসলামপুর এলাকার আবুলের বাড়ি পর্যন্ত এক হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ ১ হাজার ৫৩ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স আরাভ এন্টারপ্রাইজ। প্রায় এক মাস আগে প্রতিষ্ঠানটি নির্মাণকাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দা কামল উদ্দিন বলেন,সড়ক নির্মাণে ব্যবহৃত অনেক ইট নিম্নমানের। এছাড়া বালুর পরিমাণ কম দেওয়া হচ্ছে এবং গাইডওয়াল নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। কাজ শুরুর পর থেকেই তদারকির অভাব রয়েছে। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করছে।

আরেক বাসিন্দা মো. আসিফ বলেন,সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না। অল্প সময়ের মধ্যেই এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকল্পে ব্যবহৃত ইট ও অন্যান্য নির্মাণসামগ্রীর মান যাচাই করে সুষ্ঠু তদন্ত করা উচিত।

অভিযোগের বিষয়ে মেসার্স আরাভ এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল হোসেন বলেন,কিছু দুই নম্বর ইট রয়েছে। তবে সরকারি নির্দেশনা ও প্রকৌশলগত মানদণ্ড মেনেই কাজ করা হচ্ছে। কোথাও ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক বেপারী মো. কামাল বলেন,গাইডওয়ালের কাজ শেষ হওয়ার পর বৃষ্টির কারণে কয়েকটি স্থানে বালু ধুয়ে গেছে। ফলে কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। তবে কাজ এখনও চলমান রয়েছে। কোথাও কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।

এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন