মোঃ ওলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ২০:৫৮, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৯, ২৮ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সময় কাউকে না জানিয়ে ওই পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে পাঁচ শিশুরই মৃত্যু হয়।
নিহতরা হলো—সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯), তাদের বাবা নিজামুল হক; সুমাইয়া (৯) ও আবিদা (৭), তাদের বাবা মাসুদ রানা এবং শরীফা (৮), বাবা শরীফুল ইসলাম। তারা পরস্পরের মামাতো, ফুপাতো ও চাচাতো বোন বলে জানা গেছে।
পাঁচ শিশুর একসঙ্গে মৃত্যুর খবরে চর চাকলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
দুই মেয়ে সুমাইয়া ও সুরাইয়াকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা খাতিজা বেগম। কোলে একমাত্র জীবিত সন্তান হুমাইরাকে নিয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “হুমাইরা এখন আমার একমাত্র সন্তান। পেটের দায়ে তার বাবা বিদেশে। আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব? আমার বড় দুই সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল।”
জীবিকার তাগিদে রাজমিস্ত্রির কাজ করতে বিদেশে থাকা বাবা নিজামুল হক দূর প্রবাসে বসেই দুই মেয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন। শেষবারের মতো সন্তানদের মুখ দেখা কিংবা জানাজায় অংশ নেওয়ার সুযোগও হয়নি তার।
নিহত শিশুদের দাদা বৃদ্ধ ওমর আলী পান্না বলেন, “আমার ছেলের দুই সন্তান মারা গেল। এখন আমি ছেলেকে কী উত্তর দেব, কীভাবে তাকে সান্ত্বনা দেব—কিছুই বুঝতে পারছি না।”
এদিকে খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, পাঁচ শিশুর একসঙ্গে প্রাণহানিতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। নিহত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, শিশুদের মরদেহ দাফনের প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। নৌ পুলিশের পক্ষ থেকেও পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
পাঁচ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চর চাকলা গ্রামের পরিবেশ।