রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

আল আমিন, রায়পুরা,নরসিংদী। 

প্রকাশ: ২০:১৯, ১ সেপ্টেম্বর ২০২৬

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি ফায়ারকৃত শটগানের কার্তুজসহ মোঃ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে রায়পুরা উপজেলার চরাঞ্চলের চরমধূয়া ইউনিয়নের সমীবাদ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সমীবাদ বাজার এলাকায় একটি সন্ত্রাসী চক্র অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এবং সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছে। পরে নরসিংদীর পুলিশ সুপারের নির্দেশনায়, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানসহ থানা পুলিশ ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানটি রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে সমীবাদ বাজারে জনৈক খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে পরিচালিত হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় সাব্বির হোসেনকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন লোহার পাইপ, স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও বিভিন্ন আকৃতির লোহার টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহার অংশসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া একটি ফায়ারকৃত কালো রঙের শটগানের কার্তুজ ও একটি পুরাতন স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বড়িকান্দি (মোল্লাবাড়ী) এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে নজরদারি অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন