বাসাইলে সাবেক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১০, ৯ সেপ্টেম্বর ২০২৬

বাসাইলে সাবেক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন