নড়াইলে জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল

প্রকাশ: ১৫:১৯, ৯ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নড়াইলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ-২০২৬ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর নড়াইল সদরের আব্দুল হাই সিটি কলেজ প্রাঙ্গণে এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (আলেক), প্রশাসক, জেলা পরিষদ, নড়াইলের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ ও অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) জনাব মো: আছাদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নড়াইলকে একটি সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ এই চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। একই সাথে তিনি পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণের প্রতি আহ্বান জানান যেন প্রত্যেকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করেন এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নড়াইল আব্দুল হাই সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এ এম ফরহাদ জগলুল। সভাপতির বক্তব্যে তিনি কলেজ প্রাঙ্গণে এই ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানান এবং কলেজের পক্ষ থেকে এই সবুজায়ন অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। জেলা পরিষদের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী বলে সাধুবাদ জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন