শাহাদত হোসেন, রাজশাহী:
প্রকাশ: ১৯:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন বাংলাদেশের নিত্যসঙ্গী। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকদের জন্য প্রাণঘাতী বজ্রপাত এক নীরব আতঙ্কে পরিণত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ প্রতিরোধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় তাল গাছের চারা রোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এর আগে নওগাঁ সদর ও পাবনা জেলার চাটমোহর উপজেলায় ৫০০টি তাল গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশব্যাপী ওই কর্মসূচির শুভ সূচনা করেছিল স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার তাল গাছের চারা রোপণ করা হয়েছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় আজ ২৪শে সেপ্টেম্বর সকালে পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বড় বিলের রাস্তার দুইপাশে আরও ২০০টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
কেবল চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই বজ্রপাতের প্রবণতা সবচেয়ে বেশি। বিগত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ভয়াবহতার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে খোলা মাঠে কর্মরত কৃষকদের। তালগাছ প্রাকৃতিক বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে বিধায় এই উদ্যোগ কৃষকদের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ধোপাপাড়ায় অনুষ্ঠিত তালগাছের চারা রোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষিবিদ ইসরাফিল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, ইমরান আলী। পুঠিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, হাসিবুল রহমান। স্কয়ার ফার্মাসিটিক্যালস্ পিএলসি, ক্রপ কেয়ার ডিভিশন এর জোনাল সেলস্ ম্যানেজার, মোঃ মুরাদ হোসেন। ফিল্ড ম্যানেজার শেরেকুল ইসলাম। সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার, নাহিদ আক্তার, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী। বিএনপি নেতা আয়েন উদ্দিন,। যুবদল নেতা হায়দার আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: