দুমকিতে গাঁজা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রকাশ: ২০:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে গাঁজা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনের সময় মো. হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাকে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার এসআই মো. সজিব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাবিব হাওলাদারকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক হাবিব হাওলাদার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গাঁজা সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের কাছে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী মামলা করা হয়।

পরে তাকে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন