মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল
প্রকাশ: ২০:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ও তার চক্রটি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বা সুযোগ বুঝে কৌশলে বিভিন্ন বাড়িতে খাদ্যদ্রব্যের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিত। গৃহবাসীরা খাবার খেয়ে অচেতন বা সংজ্ঞাহীন হয়ে পড়লে সুযোগ বুঝে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে পালিয়ে যেত তারা।
ঘটনার দিন দেওপাড়া এলাকায় ওই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে আসে। পরে সন্দেহ হলে তাকে হাতেনাতে ধরে ফেলে জনতা। আটকে রাখার পর তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে ঘাটাইল থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।
এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই অভিনব চুরির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সেই সাথে এই সংঘবদ্ধ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ঘাটাইল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এই চোর চক্রের মূল হোতা ও অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারাভিযান জোরদার করা হয়েছে।