নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ৪

মোঃ আজিজুর রহমান, নোয়াখালী

প্রকাশ: ১৬:৫৪, ৪ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ৪

নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে মাছের বারবিকিউ পার্টিতে মদপানের পর সাকিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত সাকিব কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে। অসুস্থরা হলেন- মো. টিপু (২৫), মোহাম্মদ সাইফুল ইসলাম পাখি (২২), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেল (২৩)।
রোববার সকালে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় এক প্রবাসী বন্ধু বিদেশ থেকে আসায় কয়েকজন যুবক মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেন। সেখানে মদের সঙ্গে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামে একটি পানীয় তৈরি করে তারা পান করেন।
পার্টি শেষে একে একে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
অসুস্থ টিপু ও সাইফুল ইসলাম পাখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মনির হোসেন শান্ত ও রাসেল নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, একাধিক মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ তৈরি করে পাঁচ যুবক পান করেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের একজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে তার বাড়িতে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন