চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১৭:৩৯, ৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, গোয়েন্দা শাখার কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (প্রশাসন), ট্রাফিক বিভাগ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সেপ্টেম্বর মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা, বিট পুলিশিং, নিয়মিত টহল ও জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদকের উৎস ও সরবরাহ চ্যানেল চিহ্নিত করার নির্দেশনা দেয়া হয়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে টহল বৃদ্ধি এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়েও নির্দেশ দেয়া হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত শেষ করার পাশাপাশি দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে মামলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ মণ্ডপে অতিরিক্ত নজরদারি এবং নিয়মিত টহলের নির্দেশ দেয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদারের কথাও বলা হয়।
সভায় অপরাধ সংঘটনের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, আলামত সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার নিজ নিজ এলাকার অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন